মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
english

জনগণকে হ্যাঁ-না ভোটের বিষয়টি বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব

‘আগামী নির্বাচনে জনগণকে হ্যাঁ-না ভোটের বিষয়টি বোঝানো বড় চ্যালেঞ্জ’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তথ্য সচিব বলেন, এ চ্যালেঞ্জ মোকাবিলায় জনসংযোগ কর্মকর্তা এবং আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছতার সাথে করতে সরকার বদ্ধপরিকর। এ ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরের নির্বাচন নিয়ে জনগণের তিক্ত অভিজ্ঞতা আছে। জনগণকে নির্বাচন এবং ভোটকেন্দ্রে আসার ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে। বিশেষ করে তরুণ, নারী ও অনগ্রসর অঞ্চলের ভোটারদের। পাশাপাশি হ্যাঁ ও না ভোটের বিষয়টিও জনগণকে সহজভাবে বোঝাতে হবে। কারণ এই বিষয়টির সঙ্গে তারা পরিচিত নন।

গুজব এবং অপতথ্য দূর করতেও তথ্য কর্মকর্তাদের বিশেষ ভূমিকা রাখতে হবে। এ সময় কর্মকর্তাদের নির্বাচনী আইন ও নিয়মকানুন সম্পর্কে জেনে নেওয়ার অনুরোধ জানান তথ্য সচিব।

মাহবুবা ফারজানা জানান, এবারের নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সাথে মিলে প্রচার-প্রচারণার কাজটি করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নির্বাচন উপলক্ষে ৩০টি জেলায় সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *