শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জেলার খবর

চৌমুহনীতে নালার পাশে মিললো এক দিন বয়সী নবজাতক কন্যাশিশু

স্টাফ রিপোর্টার ঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী কলেজ রোডের মহেশগঞ্জ বাজার এলাকায় একটি বাসার পেছনে নালার পাশ থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে হালকা কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পান স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশগঞ্জ বাজারের বস্তাগলি এলাকায় সমীর সুরের বাসার পেছনে নালার পাশে মাটিতে শিশুটিকে পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। শিশুটির কান্নার শব্দ শুনে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা শিশুটিকে নিরাপদে কোলে তুলে নেন এবং চৌমুহনী পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চৌমুহনী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটির বয়স মাত্র একদিন। কে বা কারা তাকে সেখানে ফেলে গেছে, তা উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রাজিব উদ্দিন চৌধুরী জানান, উদ্ধার হওয়া নবজাতক কন্যাশিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *